হবিগঞ্জে বিয়েবাড়ির খাদ্যে বিষক্রিয়ায় ৫০ জন অসুস্থ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে একটি বিয়ের বউভাত অনুষ্ঠানে খাবার খেয়ে বিষক্রিয়ায় কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়েছে। এর মধ্যে ৩৬ জনকে গতকাল রোববার হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।হবিগঞ্জ হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের ইউসুফ আলীর ছেলে মঈন উদ্দিনের (২৪) সঙ্গে একই গ্রামের সানু মিয়ার মেয়ে জ্যোৎস্না আক্তারের (১৮) বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা ও বউভাত অনুষ্ঠান গত শনিবার বরের বাড়িতে অনুষ্ঠিত হয়। বউভাত অনুষ্ঠানে খাওয়ার পরপরই মেহমানদের অনেকে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে গত শনিবার রাত ও গতকাল রোববার সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সোলাইমান খান বলেন, ‘যেহেতু একই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে, তাই ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষ থাকতে পারে।’ বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান।