হবিগঞ্জে বৃষ্টি নামলেই জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী
জলাবদ্ধতার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে হবিগঞ্জ পৌর এলাকার মানুষ। একটুখানি বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা এক থেকে দুই ফুট পানিতে তলিয়ে যাচ্ছে। অফিসগামী লোক ও শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে পানি ভেঙে যাওয়া-আসা করতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলেছে, পয়োনিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে এ সমস্যা প্রকট হয়ে উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সার্কিট হাউস সড়ক, জেলা প্রশাসকের বাসভবন, সদর মডেল থানা, সওদাগর মসজিদ সড়ক, শায়েস্তানগর আবাসিক এলাকা, শ্যামলী আবাসিক এলাকা, মাস্টার কোয়ার্টাস, মুসলিম কোয়ার্টাসসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, মিনিট বিশেকের বৃষ্টিতেই এসব এলাকার রাস্তাঘাট এক থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। তখন ভোগান্তির আর শেষ থাকে না। শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার বাসিন্দা নুর মিয়া প্রথম আলোকে বলেন, একটু বৃষ্টি হলেই সেখানকার ছিড়াখানা সড়কের প্রবেশদ্বার ডুবে যায়। এ সময় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন, যে শহরে খোদ জেলা প্রশাসক ও পৌর মেয়র পানি ভেঙে যাতায়াত করেন, সে শহরের সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছে, তা সহজেই বোঝা যায়। একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের পয়োনিষ্কাশনের প্রধান প্রধান নর্দমা ও ড্রেন নানাভাবে বেদখল হয়ে গেছে। শহরের নতুন সড়কের (বাইপাস) দুই পাশে রেলওয়ের ভূমি জবরদখল হয়েছে। কেউ কেউ পাঁচ শতক জমি ইজারা নিয়ে ১০ শতক দখল করে বসে আছেন। রাস্তার পাশের পাগার বা খাল অবৈধভাবে ভরাট করায় পুরো শহরের একমাত্র পয়োনিষ্কাশনের পথটি বন্ধ হয়ে পড়েছে।শহরের আইনজীবী এস এম সোহেল বলেন, পৌরসভার ড্রেনের জায়গা দখলমুক্ত করা না গেলে এ জলাবদ্ধতা দূর হবে না। এসব দখলদারদের উচ্ছেদ করতে প্রয়োজনে টাস্কফোর্স গঠন করতে হবে। রাজনগর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, অবকাঠামো নির্মাণ বিষয়ে পৌরসভার কোনো মাস্টারপ্ল্যান নেই। এ কারণে এখানকার প্রভাবশালীরা ইচ্ছেমতো জমি দখল করছেন। ড্রেনের জায়গাও দখল করে নিচ্ছেন তাঁরা। পৌরসভার বিধি না মেনে ঘরবাড়ি নির্মাণ করে চলেছেন অনেকে। ড্রেনগুলো ভর্তি হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি নেমে যেতে পারছে না। এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে যাওয়ার অন্যতম কারণ নতুন রাস্তার দুই পাশের জমি দখল। এ বিষয়ে শিগগিরই তাঁরা ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দেন।