হবিগঞ্জে ব্যবসায়ীদের আধা বেলা ধর্মঘট
হবিগঞ্জের ব্যবসায়ীরা গতকাল শুক্রবার আধা বেলা ধর্মঘট ও মানববন্ধন পালন করেছেন। ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে গত দুই দিন দুই দফা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গেছে, ১৮ দলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার শহরে মিছিল করা হয়। এ সময় মিছিলকারীরা শহরের ডাকঘর সড়কের শাহীন ট্রেডার্স, চৌধুরীবাজারে ডাচ্-বাংলা বুথসহ চার-পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। একইভাবে গত বুধবার টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন শহরের প্রাইম ফুড, কামাল হোমিও হল, আদি খাজা ও নিউ খাজা হোটেলসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন ১৮ দলের নেতা-কর্মীরা। এ দুটি ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী কল্যাণ সমিতি যৌথভাবে গতকাল সকাল ১০টা থেকে আধা বেলা ধর্মঘটের ডাক দেয়। পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে জেলা সদরের সব ব্যবসায়ী তাঁদের দোকানপাট বন্ধ করে এ তাতে অংশ নেন। স্থানীয় কালীবাড়ি সড়কে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ব্যবসায়ীরা রাজনীতিবিদদের সহযোগিতা করে আসছেন। এই প্রথম হবিগঞ্জে রাজনৈতিক দলগুলোর হামলার শিকার হলেন ব্যবসায়ীরা। এ অতর্কিত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, পুনরায় এ ধরনের হামলা হলে হবিগঞ্জের ব্যবসায়ীরা এ হামলা প্রতিরোধ ও কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সভায় বক্তব্য দেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোতাছিরুল ইসলাম, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রহিছ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমানু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহবাজ চৌধুরীসহ কাজী কামরুল আহমেদ। এদিকে গতকাল রাতে চেম্বার কার্যালয়ে পুনরায় এক প্রতিবাদ সভায় মিলিত হন এ তিনটি সংগঠনের নেতা-কর্মীরা।