হবিগঞ্জে ভাষা প্রতিযোগ আঞ্চলিক পর্বের অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান। ছবিটি বিকেজেসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
হবিগঞ্জে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান। ছবিটি বিকেজেসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

হবিগঞ্জে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের প্রথম অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সকাল পৌনে ১০টায় স্থানীয় হবিগঞ্জ বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, অধ্যাপক হাকিম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক রেজা, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর উপস্থিত ছিলেন।
আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। পাঁচ জেলার প্রায় ৮০০ শিক্ষার্থী প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এ চারটি বিভাগে ভাষা প্রতিযোগের পরীক্ষায় অংশ নিয়েছে।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে ভাষা প্রতিযোগ শুরু হওয়ার পর শিক্ষার্থীরা এক ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে। দুপুরে মধ্যাহ্নভোজের আগে অতিথিরা শিক্ষার্থীদের ভাষা নিয়ে করা প্রশ্নের উত্তর দেবেন। ভাষা প্রতিযোগ অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আগত শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা ছড়া, সংগীত ইত্যাদি পরিবেশন করবেন।
বিকেলে পরীক্ষার ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠান থেকে প্রতি বিভাগে ১৫ জন করে ৬০ জন শিক্ষার্থীকে ভাষা প্রতিযোগের জাতীয় পর্বের অনুষ্ঠানের জন্য নির্বাচন করা হবে।