হবিগঞ্জে ভুয়া বিদ্যুৎ বিল নিয়ে হুলুস্থুল
হবিগঞ্জ শহরে বিদ্যুতের গ্রাহকদের ওপর অতিরিক্ত ও ভুয়া বিল চাপিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি মিটার পরীক্ষা ছাড়াই ধারণার ওপর এই বিল দেওয়ার কথা স্বীকার করেছে বিদ্যুৎ বিভাগ। হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের অধীনে প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। গত কয়েক মাসের বিল নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ চলছে। গ্রাকেরা জানান, আবাসিক এলাকা বা ব্যবসাপ্রতিষ্ঠানের মিটার পরীক্ষা না করেই আন্দাজের ওপর বিল দেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত দেনদরবার চলছে বিদ্যুৎ বিভাগের সঙ্গে গ্রাহকদের। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দেখা যায় অসংখ্য গ্রাহকের ভিড়।শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার অধিবাসী সেলিম চৌধুরী জানান, গত ফেব্রুয়ারি মাসের যে বিল তাঁকে দেওয়া হয়েছে, তাতে অতিরিক্ত ৫৯ ইউনিট ধরিয়ে দেওয়া হয়। বর্তমান ইউনিট ও এর আগের মাসের ইউনিট যোগ করে এই অসামঞ্জস্যতা পাওয়া যায়। শহরের বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী শামছুদ্দিন আহমেদ বলেন, গত জানুয়ারি মাসে তিনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ২৫০ টাকা পরিশোধ করেছেন। ফেব্রুয়ারি মাসের তাঁকে দেওয়া হয় এক হাজার ২০০ টাকার বিল। তিনি বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে মিটার পরিদর্শকেরা কখনো আসেননি। তাঁরা না এসে অফিসে বসেই এই ভুয়া বিল তৈরি করছেন।’ শহরের ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদ বলেন, শহরে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে। এ থেকে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা ও কর্মচারী অতিরিক্ত আয় করে আসছেন। এই বিদ্যুৎ ব্যবহারে সমঝোতা দেখাতে গিয়ে সাধারণ গ্রাহকদের ভুয়া ও অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে এর আবাসিক প্রকৌশলী শামস এ আরেফিন বলেন, প্রতি ১২০০ মিটার পরীক্ষার জন্য একজন মিটার পরীক্ষক থাকার নিয়ম। এ হিসাবে হবিগঞ্জে ১৪ জনের স্থলে আছেন মাত্র একজন। এ কারণে সব মিটার পরীক্ষা করা তাঁর পক্ষে সম্ভব হয় না বলে তিনি জানান। তিনি আরও স্বীকার করেন, গ্রাহকদের অতিরিক্ত বিল পাওয়ার বিষয়টি অমূলক নয়।