হবিগঞ্জে ভূমিহীন ও পুলিশ সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম বাউয়ানি চা-বাগানে গতকাল মঙ্গলবার সকালে ভূমিহীনদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ ১৫ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। জানা যায়, খাসজমি থেকে ভূমিহীনদের জোরপূর্বক উচ্ছেদ করতে গিয়ে পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে পুলিশ ৯৩টি গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। জেলা প্রশাসন জানায়, প্রশাসনিক সিদ্ধান্তে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।হবিগঞ্জ জেলা প্রশাসন এবং পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার ২০০ ভূমিহীন পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী ব্যক্তিমালিকানার ইমাম বাউয়ানি চা-বাগান কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ভূমিহীনেরা বলছেন, তাঁরা যুগ যুগ ধরে একই জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তাঁদের বারবার উচ্ছেদ করতে চাইছে এবং তাঁদের ওপর হামলা করছে। এদিকে গতকাল সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একটি দল খাসজমি থেকে সিরাজ উল্লাহ, মকলিস মিয়া ও রাফাজ উদ্দিন নামের তিন ব্যক্তি ও তাঁদের পরিবারকে উচ্ছেদ করতে যায়। এতে ক্ষিপ্ত গ্রামবাসী পুলিশের ওপর লাটিসোঁটা নিয়ে হামলা করে। পুলিশও পাল্টা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে ৪০ জন আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ কুকিলা (২০), সিরাজ উল্লাহ (৬০), রাফাজ উদ্দিন (৪০), আওয়ালসহ (২৩) ১৫ জনকে হবিগঞ্জ সদর জেলা হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিরাজ উল্লাহ অভিযোগ করেন, পুলিশ গুলি ছুড়ে নিরপরাধ লোকজনকে আহত করেছে। পাশাপাশি ১৫টি বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এলাকার কুতুবউজ্জামান বলেন, ইমাম বাউয়ানি চা-বাগান কর্তৃপক্ষ সব সময় প্রশাসনকে ভুল বুঝিয়ে নিরীহ লোকজনকে উচ্ছেদের চেষ্টা করছে। বাগান কর্তৃপক্ষ চায়, সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে তাদের দখলে নিতে। তাই ভূমিহীনদের বিরুদ্ধে এ পর্যন্ত শতাধিক মামলা করেছে বাগান কর্তৃপক্ষ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, এ ঘটনায় দুজনকে আটকের পর ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।