হবিগঞ্জে মাওলানা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের কুইনসে দুর্বৃত্তের গুলিতে খুন হওয়া বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখুঞ্জিকে (৫৫) গতকাল বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামে দাফন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে গতকাল আলাউদ্দিনের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় হবিগঞ্জে। বিকেল সাড়ে তিনটার দিকে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোছাপাড়া গ্রামে আসরের নামাজের পর আবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর বন্ধু তারা মিয়াকে গত শনিবার গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় অস্কার মোরেল নামের ৩৫ বছর বয়সী এক হিস্পানিক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।