হবিগঞ্জে মালবাহী বগি লাইনচ্যুত
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, আজ সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন জেলার বাহুবল উপজেলার রশিদপুরে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের দুটি বগি ছিটকে এ পরিস্থিতি তৈরি হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা ও কালনী এক্সপ্রেস জেলার নোয়াপাড়া রেলস্টেশনে আটকা পড়ে। পাশাপাশি মালবাহী অপর দুটি ট্রেন আটকা পড়ে রশিদপুরে। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান রাত সাড়ে সাতটার দিকে ‘প্রথম আলো’কে জানান, উদ্ধার ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। লাইন পুনরায় চালু হতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।