হবিগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান
হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। গত মঙ্গলবার হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি পান বৃন্দাবন সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজের ছয়জন শিক্ষার্থী। তাঁদের দুই হাজার টাকা ও একটি সনদ দেওয়া হয়। এ অনুষ্ঠানে বক্তারা বলেন, কমান্ড্যান্ট মানিক চৌধুরী শুধু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন সাহসী একজন মুক্তিযোদ্ধা। তাঁকে অনুসরণ করে সেই সময় অনেকেই স্বাধীনতাযুদ্ধে সক্রিয় অংশ নেন। আজ তাঁর স্মরণে এ শিক্ষাবৃত্তি এ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আরও উৎসাহ জোগাবে। বক্তারা এ বৃত্তির ধারাবাহিকতা ধরে রাখার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত ফরিদা খাতুন। অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, বৃত্তি প্রদান কমিটির সভাপতি অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য ও মানিক চৌধুরীর কন্যা কেয়া চৌধুরী। হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. নজমুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক জাহেদা জেসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক এস এম ইলিয়াস। আরও উপস্থিত ছিলেন তাহমিনা বেগম, জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ প্রমুখ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: বৃন্দাবন সরকারি কলেজের চৌধুরী আনিকা তাবাসুম, নন্দিতা দাশ, সামসুন নাহার ও আকাশ দত্ত এবং মহিলা সরকারি কলেজের আলেয়া আক্তার ও উমেঞ্চ হালিমা। পরে মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।