হবিগঞ্জে রেলের জায়গা উচ্ছেদ করতে রোষানলে অভিযান দল
হবিগঞ্জে রেলওয়ের সরকারি জায়গা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে তাদের রোষানলে পড়েছেন সরকারি কর্মকর্তারা। অবৈধ দখলদারেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের দিকে তেড়ে এলে অভিযান পরিচালনা না করেই ঘটনাস্থল থেকে তাঁরা ফিরে আসেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার হবিগঞ্জ শহরের পুরান বাজার রেলস্টেশন এলাকায়। হবিগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-বাল্লা রেললাইনটি অলাভজনক হওয়ার কথা বলে ১৯৮৫ সালের দিকে সরকার তা বন্ধ করে দেয়। এতে হবিগঞ্জ শহরের পুরান বাজার রেলস্টেশন ও এর প্রায় ৩৫০ একর ভূমি পরিত্যক্ত হয়ে পড়ে। এদিকে ওই এলাকার কিছু লোক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় পুরো ভূমি দখল করে নেন। কেউ কেউ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করে বসবাস শুরু করেন। রেল কর্তৃপক্ষ নানা সময় অভিযান চালিয়েও এ ভূমি তাদের দখলে আনতে পারেনি। এর মধ্যে ওই এলাকার বশির মো. তালুকদার নামের এক ব্যক্তি ২০০৩ সালে পুরান বাজার রেলস্টেশনসহ রেলওয়ের পুরো জায়গা নিজের মালিকানা দাবি করে একটি স্বত্ব মামলা করেন হবিগঞ্জ যুগ্ম জজ আদালতে। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। যদিও এলাকাবাসী এ মামলাকে সরকার ও রেল কর্তৃপক্ষকে হয়রানি বলে মনে করছেন।গতকাল দুপুরে পুরান বাজার রেলস্টেশন এলাকার পূর্ব দিকের দখলদারদের উচ্ছেদের জন্য অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রেলওয়ের এস্টেট অফিসার আহমদুল হক ও কাননগো মোস্তফা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় গতকাল দুপুরে। তারা ওই এলাকায় পৌঁছামাত্র অবৈধ দখলদারেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। বেগতিক দেখে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা না করেই ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ওই এলাকার হিরা মিয়া তালুকদার দাবি করেন, রেল কর্তৃপক্ষের এ অভিযানের কোনো বৈধতা নেই। কারণ এ নিয়ে ২০০৩ সালে তাঁর বাবা বশির মো. তালুকদার বাদী হয়ে স্বত্ব মামলা করেন। এ ভূমি তাঁদের পৈতৃক সম্পদ। তিনি আরও জানান, তাঁরা ৩৯০ একর জায়গার দাবি নিয়ে এ মামলা করছেন। বর্তমানে তাঁর দখলে রয়েছে প্রায় সাড়ে ১০ একর। এ ভূমিতে তিনি ও তাঁর আত্মীয়স্বজন মিলে ৪০০ পরিবার বসবাস করছে। পাশাপাশি কিছু জায়গা ভাড়া দেওয়ার সত্যতাও তিনি স্বীকার করেন।রেল বিভাগের কাননগো গোলাম মোস্তফা জানান, ভূমির মালিকানা দাবিদার বাদী বশির মো. তালুকদার মারা গেছেন। এখন তাঁর ছেলে হিরা মিয়া তালুকদার অবৈধভাবে ভূমি দখল করে রেখেছেন। পাশাপাশি তিনি ওই জায়গায় বসতঘর তৈরি করে ভাড়া দিয়ে আসছেন।অভিযান পরিচালনাকারী বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার আহমদুল হক বলেন, ‘এ জায়গায় যাঁরা আছেন, তাঁরা সবাই অবৈধ দখলদার। এ অভিযানে আদালতের কোনো বাধা নেই। সরকারি আইনজীবী এ বিষয়ে আদালতকে অবহিত করেছেন। পাশাপাশি আমরা আগেই দখলদারদের নোটিশ দিয়েছি। তাঁরা সময়সীমার মধ্যে ভূমি ছাড়েননি। আজ (বুধবার) আমরা অভিযান না চালিয়ে আবারও তাঁদের সময় দিয়ে পুনরায় অভিযান চালাব।’