হবিগঞ্জে র্যাবের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে এক যুবককে নির‌্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন দ্বিন ইসলাম নামের ওই যুবকের মামা মো. শাহ আলম।
মামলায় র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ এন এ এ মোছাব্বির এবং সহকারী উপপরিচালক (ডিএডি) সানিউল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।
আদালতের বিচারক মাহমুদুল হক মামলাটি আমলে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে নির‌্যাতিত যুবকের শারীরিক অবস্থার বিবরণসহ প্রতিবেদন দিতে সিভিল সার্জন কার‌্যালয়কে নির্দেশ দিয়েছেন।
এদিকে, দ্বিন ইসলাম গতকাল সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এরপর তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার উত্তর সুলতানসি গ্রামের মৃত রফিকুল্লার ছেলে দ্বিন ইসলাম স্থানীয় একটি দৈনিক পত্রিকার একজন অনিয়মিত সংবাদকর্মী।
মামলার আরজিতে শাহ আলম বলেন, তাঁর ভাগনে দ্বিন ইসলামের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। তারপরও র‌্যাব-৯-এর কর্মকর্তারা মঙ্গলবার তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তাঁকে টানা চার ঘণ্টা শারীরিক নির‌্যাতন করা
হয়। তাঁর অবস্থা বেগতিক হলে হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার পর পুলিশে সোপর্দ করা হয়। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। চাঁদা দাবি করে না পেয়ে র‌্যাব এ ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাতিরথান ও পাশের বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কটিয়াদি বাজারে র‌্যাব-৯-এর একটি গাড়ি অবস্থান করছিল। র‌্যাবের গাড়ি দেখে স্থানীয় তরুণ দ্বিন ইসলাম সেখানে গিয়ে র‌্যাবকে সংঘর্ষ থামানোর অনুরোধ করেন। এ নিয়ে র‌্যাব কর্মকর্তা সামিউল ইসলামের সঙ্গে দ্বিন ইসলামের তর্ক হয়। এর ঘণ্টা খানেক পর র‌্যাব সদস্যরা দ্বিন ইসলামকে ধরে নিয়ে যান এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে হবিগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় দ্বিন ইসলামকে কারাগারে পাঠানো হয়।