হবিগঞ্জে র্যাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
এক তরুণকে নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে হবিগঞ্জ জেলা সদরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। পাশাপাশি গ্রামবাসী র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাতিরথান ও পাশের বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কটিয়াদি বাজারে র্যাব-৯-এর একটি গাড়ি অবস্থান করছিল। র্যাবের গাড়ি দেখে স্থানীয় তরুণ দ্বিন ইসলাম সেখানে গিয়ে র্যাবকে সংঘর্ষ থামানোর অনুরোধ করেন। এ নিয়ে র্যাব কর্মকর্তা সামিউল ইসলামের সঙ্গে দ্বিন ইসলামের তর্কাবির্তক হয়। পরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বিষয়টি মীমাংসা করে দেন। এর ৪০ মিনিট পর অপর একটি গাড়িতে র্যাব সদস্যরা এসে দ্বিন ইসলামকে খুঁজতে থাকেন। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় লস্করপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলী আমজদ দ্বিন ইসলামকে ডেকে আনেন। দ্বিন ইসলাম সেখানে উপস্থিত হয়ে র্যাব কর্মকর্তাদের পায়ে ধরে ক্ষমা চান। কিন্তু র্যাব দ্বিন ইসলামকে তাদের গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। পরে তাঁরা কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে হবিগঞ্জ থানায় মামলা করে। ওই মামলায় বর্তমানে দ্বিন ইসলাম কারাগারে রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে সুলতানশী, শরীফপুর, হাতিরথান এবং চাঁদপুরসহ আট-দশটি গ্রামের লোকজন হবিগঞ্জ জেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। মিছিলকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। আবদুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, র্যাব অন্যায়ভাবে নিরপরাধ এক ব্যক্তিকে দফায় দফায় নির্যাতন করেছে। এরপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাঁরা অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, দ্বিন ইসলাম কিছুটা আহত হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা করেছে।
র্যাব-৯-এর অধিনায়ক রিয়াদ রায়হান রাব্বানী বলেন, ‘ছেলেটি র্যাবের কাজে বাধা দেওয়ায় তাকে আটক করা হয়। এখন স্থানীয় কিছু জনপ্রতিনিধি বা রাজনীতিবিদ এ বিষয়টিকে বড় করে দেখছেন।’