হবিগঞ্জে র্যাবের হাতে আটক ঠিকাদারের বিরুদ্ধে দুই মামলা
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের হাতে গত বুধবার আটক ঠিকাদার শাহেদ রহমানের বিরুদ্ধে বাহুবল থানায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে একটি ও র্যাবের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে।
ঠিকাদার শাহেদকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরে তাঁকে নেওয়া হয় হবিগঞ্জের আমলি আদালতে। ওই আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করে শাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঠিকাদার শাহেদ বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় রশিদপুর তেল শোধনাগারের প্রকল্পের কাজে মাটি ভরাটের কাজ করছেন। গত বুধবার দুপুরে র্যাবের সদস্যরা প্রকল্প এলাকা থেকে তাঁকে আটক করলে শ্রমিক ও এলাকাবাসী র্যাব সদস্যদের অবরুদ্ধ করেন। পরে তাঁরা ফাঁকা গুলি ছুড়ে শাহেদকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বুধবার রাতে সিলেটের ঠিকাদার আবদুল আওয়াল ঠিকাদার শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করেন। র্যাবের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম র্যাবের কাজে বাধা দেওয়ার অভিযোগে অন্য মামলাটি করেন। দুটি মামলায় শাহেদসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
শাহেদের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী ও নিলাদ্রী শেখর পুরকায়স্থ গতকাল আদালতে বলেন, চাঁদাবাজি মামলার বাদী ঠিকাদার আবদুল আওয়ালের সঙ্গে একটি প্রকল্পের ঠিকাদারি নিয়ে শাহেদ রহমানের দ্বন্দ্ব রয়েছে। আওয়াল ওই প্রকল্পের কাজ না করার জন্য চাপ দিয়ে আসছিলেন শাহেদকে। আইনজীবীরা অভিযোগ করেন, রাজি না হওয়ায় শাহেদের বিরুদ্ধে র্যাবকে ব্যবহার করা হয়। তাঁরা আদালতকে আরও বলেন, শাহেদের বিরুদ্ধে এ দুটি ছাড়া আর কোনো মামলা নেই।