হবিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা যৌন হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার সকালে শহরে এক বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলকারীরা হবিগঞ্জ সদর মডেল থানায় অবস্থান নিয়ে অভিযুক্ত এক শিক্ষকের বিচার দাবি করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিচারের আশ্বাস দিলে ছাত্রীরা স্কুলে ফিরে যায়।এদিকে ছাত্রীরা মিছিল শেষে স্কুলে প্রবেশের পরপরই উচ্ছৃঙ্খল কিছু লোক হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ঘেরাও করে। এতে স্কুলের প্রধান শিক্ষিকাসহ সবাই এক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। ছাত্রীদের পক্ষ নেওয়ায় অভিযোগ এনে মাহমুদ মিয়া নামে এক শিক্ষককে মারধর করে বহিরাগত ব্যক্তিরা। পাশাপাশি তারা প্রধান শিক্ষিকার কাছে কৈফিয়ত চায়, ছাত্রীরা কেন শহরে মিছিল করল। এ ছাড়া তারা প্রধান শিক্ষিকার কাছে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের তোলা যৌন হয়রানির অভিযোগও মিথ্যা বলে দাবি করে।এ সময় স্কুল এলাকার বাসিন্দা, শহরের রাজনগর এলাকার লোকজন বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি ও শিক্ষককে মারধরের ঘটনা দেখে প্রতিবাদী হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা স্কুলে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হলে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরিস্থিতি উত্তপ্ত দেখে ওসি নির্মলেন্দু চক্রবর্তী প্রধান শিক্ষিকাকে অনুরোধ করেন স্কুল ছুটি দিতে। প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী স্কুল ছুটি দিয়ে ছাত্রীদের বাইরে চলে যেতে অনুরোধ করেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণীর এক ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনে ৭ এপ্রিল প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ করে। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুন্নবী অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীকে তা তদন্তের দায়িত্ব দেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. নুরুন্নবী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি তদন্তের দায়িত্ব দিয়েছেন।