হবিগঞ্জে শিবিরের নেতাসহ দুই ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গত সোমবার রাতে মহিবুর রহমান চৌধুরী (৩৫) নামের ছাত্রশিবিরের একজন নেতা এবং চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামে মাখন দেবনাথ ( ৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মহিবুর হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা ওষুধ ব্যবসায়ী সমিতি শহরে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকার বাসভবন থেকে গত সোমবার রাত নয়টার দিকে মহিবুর তাঁর পরিচিত এক তরুণের সঙ্গে কথা বলতে বের হন। পাশের পুকুরপাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মহিবুরের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ জেলা হাসপাতালে নেয়। সেখানে রাতে তিনি মারা যান। মহিবুর ছাত্রশিবিরের হবিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ওষুধের ব্যবসা করতেন। তাঁর হত্যাকাণ্ডের প্রতিবাদে ওষুধ ব্যবসায়ী সমিতি গতকাল বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত শহরের দোকানপাট বন্ধ রাখেন।

নিহত মহিবুরের ভাই মজিবুর রহমান জানান, গ্রামে আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ চলছে। এর জের ধরেই মহিবুরকে হত্যা করা হয়েছে বলে তাঁর ধারণা। তিনি আরও বলেন, হত্যাকারীদের তিনি চেনেন। তবে মামলার আগে তিনি কারও নাম বলতে অস্বীকৃতি জানান।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুলবুল (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামে মাখন দেবনাথের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা গতকাল সকালে তাঁর রান্নাঘরের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মাথা ও দেবনাথের শয়নকক্ষ থেকে দেহ উদ্ধার করে। প্রতিবেশীরা জানান, বাড়িতে ওই দিন তিনি একাই ছিলেন। গতকাল হবিগঞ্জ জেলা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হয়।      

চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, প্রতিবেশীদের সঙ্গে একটি পুকুর নিয়ে বিরোধ ছিল দেবনাথের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।