হবিগঞ্জে শিশু ও নরসিংদীতে ছাত্রী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে এক শিশুহত্যার দায়ে গতকাল মঙ্গলবার আবদুর রশিদ (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই দিনে নরসিংদীর বেলাব উপজেলায় সৈয়দা রিমভী আক্তার (২২) নামের এক ছাত্রীকে হত্যার দায়ে আল আমিন (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জ: মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বানিয়াচং উপজেলার যাদুকর্ণপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী আবদুল হামিদ তাঁর স্ত্রী স্বপ্ন বেগমের জন্য একটি মুঠোফোন পাঠান। প্রায়ই ওই মুঠোফোনটি তাঁদের ছেলে মেহেদী হাসানের (৮) হাতে থাকত। ২০০৭ সালের ৮ অক্টোবর একই গ্রামের আবদুর রশিদ মুঠোফোনে ছবি তুলে দেওয়ার কথা বলে মেহেদীকে একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর তিনি মেহেদীকে হত্যা করে মুঠোফোনটি নিয়ে যান। এ ঘটনায় মেহেদীর মা স্বপ্ন বেগম বাদী হয়ে ৯ অক্টোবর আবদুর রশিদ এবং তাঁর প্রতিবেশী সিরাজ মিয়া ও সালেহ আহমদকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ আবদুর রশিদ ও সিরাজ মিয়াকে গ্রেপ্তার করে। পরে আবদুর রশিদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একটি বাগান থেকে মেহেদীর লাশ উদ্ধার করে। মেহেদী স্থানীয় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আসামি আবদুর রশিদকে মৃত্যুদণ্ড দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভিন। সিরাজ মিয়া ও সালেহ আহমদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নরসিংদী: বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাড়া এলাকার সৈয়দ মো. শামসুজ্জামানের মেয়ে কলেজছাত্রী রিমভী আক্তারকে হত্যার দায়ে আল আমিন নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি একই ইউনিয়নের কাজীরটেক এলাকার মিয়ার উদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৭ মে বিকেলে রিমভী আক্তার ও তাঁর ভাতিজি সানজিদা ইসলাম বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। একপর্যায়ে আল আমিন তাঁদের গতিরোধ করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে আল আমিন তাঁর কাছে থাকা ধারালো দা দিয়ে দীপার মাথায় পরপর দুটি এবং বাঁ ও ডান হাতে কোপ দেন।
বিবরণে বলা হয়, সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আল আমিনকে আটক করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমভী। ৮ মে রিমভীর বড় ভাই সৈয়দ আতিকুজ্জামান বাদী হয়ে আল আমিনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজীব গতকাল আসামি আল আমিনের উপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।