হবিগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার স্থানীয় তিন যুবক এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।শিশুটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় তিন যুবকসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও আসামিরা ধরা পড়েননি। ওই শিশু, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বানিয়াচংয়ে রাস্তার পাশে খাসজমিতে বসবাস করে আসছে ওই শিশুর পরিবার। গত বুধবার সন্ধ্যার দিকে ওই শিশু বাড়ির পাশের পুকুরে হাত ধুতে যায়। এ সময় প্রতিবেশী মালেকা বেগম তাকে বাড়িতে ডেকে নেন। কাজের কথা বলে তাকে বাড়ির একটি কক্ষে নিয়ে যান তিনি। ওই কক্ষে আগে থেকেই অবস্থান করছিলেন মালেকার বোনের ছেলে শিপন (২০) এবং গ্রামের শিবলু (১৯) ও জাবেদ (২০)। কক্ষে প্রবেশ করামাত্রই তাঁরা শিশুটির মুখ চেপে ধরেন। একপর্যায়ে তাঁরা শিশুটিকে ধর্ষণ করেন।এদিকে শিশুটি দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা প্রতিবেশী মালেকার বাড়িতে গেলে তিনি জানিয়ে দেন, সে তাঁর বাড়িতে নেই। তবে মালেকার এক ছেলে বলে দেয়, তার মা ওই শিশুটিকে বাড়ির গোসলখানায় আটকে রেখেছেন। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।শিশুটিকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই হাসপাতালের এক চিকিৎসক বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পাঁচ দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, ওই শিশুর বড় বোন গ্রামের মানুষের সহায়তায় ঘটনার পরদিন থানায় একটি ধর্ষণ মামলা করেন। এতে ওই তিন যুবক ও মালেকাকে আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা চলছে। তবে আসামিরা বর্তমানে পলাতক।