হবিগঞ্জে শিশু ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে সাইফুল মিয়া নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তরুণ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাঙাহাটি গ্রামের লেদু মিয়ার ছেলে। আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের সেপ্টেম্বরে জেলার বানিয়াচং উপজেলার রাঙাহাটি গ্রামের এক শিশু (৯) প্রাইভেট পড়তে আরেক বাড়িতে যায়। ফেরার পথে রাত আটটার দিকে একই গ্রামের সাইফুল মিয়া (২২) শিশুটিকে জোর করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বানিয়াচং থানায় একটি মামলা করেন।

মামলায় ছয় সাক্ষীর সাক্ষ্য ও ধর্ষণের শিকার শিশুটির জবানবন্দি শেষে গতকাল বিকেলে আদালত সাইফুলের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।