হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সদর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেলা দেড়টার দিকে ধলবাজারে ব্যাটারিচালিত অটোবাইকের চালক ও বাটপাড়া গ্রামের বাসিন্দা করান মিয়ার সঙ্গে শফিক মিয়া নামের এক টেম্পোচালকের ঝগড়া বাধে। এ সময় ধলবাজারের ব্যবসায়ী টেনু মিয়া তাঁর দোকানের সামনে থেকে তাদের সরে যেতে বলেন। এ কথায় টেনু মিয়ার সঙ্গে করান মিয়ার প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে তাদের পক্ষ নিয়ে টেনু মিয়ার গ্রাম ধলবাজার এবং করান মিয়ার গ্রাম বাটপাড়ার প্রায় এক হাজার বাসিন্দা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা প্রায় দুই ঘণ্টা ধরে পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র ও বল্লম নিয়ে সংঘর্ষ চালায়। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ প্রায় ৭৪টি রাবার বুলেট ও পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুরুতর আহত মনু মিয়া (৪০) ও সাজু মিয়াকে (২৬) সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং আকল উদ্দিন, আবদুল কাইয়ুম, ইনতাজ মিয়া, বাদল মিয়া, ধন মিয়া, কাদির মিয়া, জামাল মিয়া, হোসেন আলী, মাহমুদ মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে এস এম সিরাজুল হুদা জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি, কেউ গ্রেপ্তারও হয়নি।