হবিগঞ্জে সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামে গোচারণ ও কবরস্থানের ভূমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের সিলেট, হবিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের প্রায় ২৬ একর ভূমি গোচারণ ও কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে গ্রামবাসী। এ ভূমি একই গ্রামের খলিলুর রহমান তাঁদের পৈতৃক কেনা ভূমি হিসেবে দাবি করে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে খলিলুর রহমানের সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। গতকাল রোববার সকাল নয়টায় খলিলুর রহমানের লোকজন দখলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উল্লিখিত লোকজন আহত হন। সংঘর্ষ চলাকালে খলিলের পক্ষ থেকে লাইসেন্স করা বন্দুক দিয়ে চারটি গুলি ছুড়লে কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হান্নান মিয়া (৫০), আলী আমজদ (৪০), মজনু মিয়া (২৫), আছাবুল হক (৪৫), জাবের (২২) ও মিশুকে (২২) সিলেট এবং আহত হুমায়ুন (৫০), ছবদর মিয়া (৫০), হাছান (৪৫), হাসিম উল্লা (৬০), আল-আমিন (২৫), আশ্রব আলী (২৫), মতিন (৪০), জিতু মিয়া (৩০), ইসকন্দর মিয়া (৫০), আলিফর মিয়াসহ (১৫) অন্যদের সিলেট, হবিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।গ্রামের প্রবীণ অধিবাসী আরজু মিয়া জানান, এই ভূমি গ্রামবাসী গোচারণ ও কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। খালেদ এই ভূমি তাঁদের দাবি করায় গ্রামবাসীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। একই গ্রামের মোতাহির মিয়া বলেন, ‘গোলাগুলির আওয়াজ শুনে আমি স্থানীয় বাজার থেকে গ্রামে ছুটে আসি এবং দেখতে পাই, চারদিক পুরো রণক্ষেত্র।’ তিনি দাবি করেন, গুরুতর আহত ব্যক্তিদের অধিকাংশই গুলিবিদ্ধ।খলিলুর রহমান সাংবাদিকদের জানান, এই ২৬ একর ভূমির প্রকৃত মালিক নিলামে বিক্রয়কালে তাঁর পূর্বপুরুষ দাম দিয়ে কিনে নেন। গ্রামের কিছু লোক তাঁদের এই ভূমি ব্যবহার করতে দিচ্ছে না বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে নবীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, উভয় পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি বলে ওসি জানিয়েছেন। এ ছাড়া গুলি ছোড়ার কোনো আলামত এখনো তিনি পাননি বলে জানান।