হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকআপ ভ্যানে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন নির্মাণশ্রমিকেরা। সেটিকে একটি ট্রাক চাপা দিলে নিহত হন পাঁচজন। অন্যদিকে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল তিনজন। সেটি উল্টে গেলে নিহত হয় এক পরীক্ষার্থী। হবিগঞ্জে গতকাল সোমবার পৃথক এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার সাতজন নির্মাণশ্রমিক গতকাল সকালে একটি পিকআপ ভ্যানে চড়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের কামাইছড়া এলাকায় উল্টো দিক থেকে আসা সিরামিকসামগ্রী বহনকারী একটি ট্রাক পিকাআপ ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত ছয়জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মারা যান চারজন।
নিহত পাঁচজন হলেন নাসিনগর উপজেলার মনকুটা গ্রামের বেণু মিয়া (৩৪), আবু জাহির (৬৫), নাহেদুল ইসলাম (১৮), ফারুক মিয়া (২২) ও তাঁর বাবা আরব আলী (৬০)।
এদিকে পুলিশ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার তিন শিক্ষার্থী গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি ইজিবাইকে চড়ে জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল। আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের নগর কবরস্থান এলাকায় পৌঁছার পর ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনজনই আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজু চন্দ্র ঘোষ (১৪) নামের একজনকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজু আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের নিপেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। সে স্থানীয় জলসুখা কেজিপি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত।