হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত নয়জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশা ছিল। সাড়ে সাতটার দিকে ওই এলাকায় হবিগঞ্জগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও অটোরিকশার ওপর একটি ট্রাক ও চান্দের গাড়ি (পুরোনো জিপ) এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের মাকসুদ মিয়া (৬০) এবং মৌলভীবাজার সদর উপজেলার সুলতানপুর গ্রামের মজিবুর রহমান (৫৫)। পুলিশ জানায়, এ দুজন চান্দের গাড়ির যাত্রী ছিলেন। এতে আহত হন ১৩ জন। তাঁদের মধ্যে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের গৃহবধূ আম্বিয়া বেগম (২০) ও তাঁর মা নকুল বিবি (৬০) এবং মৌলভীবাজারের বর্শিজোড়া গ্রামের আহমদ মিয়া (৫৫)। মা ও মেয়ে অটোরিকশার যাত্রী ছিলেন। উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল থেকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা সিএমসি কলোনির জামিল (৩১) ও একই জেলার মৃত্তিকা চা-বাগানের ইউসুফ আলী (৫৫)। তাঁরা ছিলেন চান্দের গাড়ির যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত নয়জন হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, অটোরিকশার সঙ্গে ট্রাক, ট্রাক্টর ও একটি চান্দের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশগুলো দুপুরেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান তিনটি আটক করা হলেও চালকদের আটক করা যায়নি।