হবিগঞ্জে সরকারি পুকুর রক্ষায় উচ্ছেদ অভিযান
হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকার সরকারি পুকুরের পাড় অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন গতকাল বুধবার উচ্ছেদ অভিযান শুরু করেছে। প্রথম দিনই বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়। এলাকার লোকজন জানান, কয়েক যুগ ধরে দৈনন্দিন কাজে এলাকাবাসী এ পুকুরের পানি ব্যবহার করছেন। কিন্তু গত কয়েক বছরে পুকুরের পাড় দখল করে অনেকে আধাপাকা ঘর ও ভবন নির্মাণ করেন। এ ছাড়া ময়লা ফেলায় পুকুরের একটি অংশ ভরাট হচ্ছে। ময়লার জন্য পুকুরের পানিও দূষিত হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। গতকাল জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে পুকুরপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল এ অভিযানে নেতৃত্ব দেন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ অভিযান। এ সময় কয়েকটি পাকা ভবনসহ ১৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পুকুরটি পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। শাহরিয়ার জামিল জানান, অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। সে সময়ের মধ্যে তাঁরা অবৈধ স্থাপনা না সরানোয় এ অভিযান চালানো হচ্ছে। দখলমুক্ত করার পর পুকুরের চারপাশে সীমানা খুঁটি বসিয়ে দেওয়া হবে। গত ৩০ মে প্রথম আলোতে ‘পুকুর গ্রাস করতে নানা কৌশল?’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।