হবিগঞ্জে সেনাসদস্য খুনের ঘটনায় অপর সেনাসদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সেনাসদস্য মো. দুলাল মিয়া হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ। সহকর্মী অপর এক সেনাসদস্যের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হন বলে পুলিশ মনে করছে। সহকর্মী আবদুর রবকে (৩০) শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় তাঁকে হস্তান্তর করা হয়।র‌্যাব-৯-এর এক বিশেষ দল সেনাসদস্য আবদুর রবকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় একটি অভিজাত খাবার হোটেল থেকে গ্রেপ্তার করেছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কবি চন্দ্রপুর গ্রামের বাসিন্দা আবদুল জব্বারের ছেলে।দুলাল মিয়া ঢাকা সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। গত ২৫ নভেম্বর তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায় ফেরার পথে শায়েস্তাগঞ্জ থানার কাছে খুন হন। পরদিন ২৬ নভেম্বর পুলিশ তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে এবং এর সঙ্গে আবদুর রবের সম্পৃক্ততা খুঁজে পায়। গত ১৫ ডিসেম্বর পুলিশ রবকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে সেনা সদরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল পুলিশের কাছে রবকে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুলাল ও গ্রেপ্তার হওয়া আবদুর রব একে অপরের সহকর্মী ছিলেন। ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ থেকেই খুনের ঘটনা ঘটে বলে তাঁরা মনে করছেন।