হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জের লাখাই উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে এক বখাটে। এ ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় ১ আগস্ট মেয়েটির বাবা হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।মামলায় আসামি করা হয়েছে লাখাইয়ের পশ্চিম বামৈ গ্রামের বখাটে যুবক পলাশ মিয়া, তাঁর বাবা সোয়া মিয়া, হাফিজ উদ্দিন, সাজেদা খাতুন ও ছুরে রহমানকে।আসামি পলাশ ও পুলিশের দাবি, মেয়েটির সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক রয়েছে।মামলার আরজিতে বলা হয়েছে, লাখাইয়ের মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকের ওই মেয়েটি কিশোরগঞ্জ জেলার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ে। মাদ্রাসার ছুটিতে মেয়েটি বাড়িতে আসে। এদিকে মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় একই গ্রামের সোয়া মিয়ার ছেলে পলাশ প্রায় সময়ই তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে পলাশের পরিবারের কাছে বিচার দিয়েও কোনো কাজ হয়নি। সম্প্রতি সোয়া মিয়া ছেলে পলাশের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসেন মেয়েটির পরিবারের কাছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়েটির বাবা বলেন, ‘তাঁর মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়নি। সে মাত্র অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। পড়ালেখা শেষ হলে ভেবে দেখবেন। এতে ক্ষিপ্ত হন সোয়া মিয়া ও তাঁর ছেলে পলাশ।’মামলার আরজিতে আরও বলা হয়, ১৯ জুলাই রাত সাড়ে নয়টার দিকে পলাশ ও তাঁর বাবার নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাড়িতে হানা দিয়ে ওই মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে। ওই সময় কিশোরীর মা-বাবা বাড়ির বাইরে ছিলেন।এদিকে ঘটনার পর মেয়েটির বাবা লাখাই থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে বিষয়টি আপস-মীমাংসার পরামর্শ দেন।লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. রফিক বলেন, তিনি সালিস করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই ছাত্রীকে তাঁর জিম্মায় দেওয়ার জন্য পলাশের পরিবারকে নির্দেশ দেন। কিন্তু তাঁরা এ নির্দেশ মানেননি।১ আগস্ট মেয়েটির বাবা হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত অপহূতাকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।এ ব্যাপারে পলাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে অপহরণ করেননি। আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি অপ্রাপ্তবয়স্কও নয়। তার সম্মতিতেই তাকে বিয়ে করেছি।’ মেয়েটিকে কোথায় রেখেছেন এমন প্রশ্ন করলে লাইন কেটে দেন পলাশ।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘এটি প্রেমঘটিত ঘটনা, যে কারণে মামলা নেওয়া হয়নি। তাই তাদের স্থানীয়ভাবে মীমাংসা করতে বলা হয়েছিল। পরে তারা আদালতে মামলা করেন। আদালতের আদেশ এখনো পাইনি।’অপ্রাপ্তবয়স্ক মেয়ের প্রেমের সম্পর্ক কী করে বিয়ের রূপ নেয়—এমন প্রশ্ন করা হলে ওসি তা এড়িয়ে যান।