হবিগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
হবিগঞ্জে স্বামীর নির্যাতনে রুহেলা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে।অভিযোগে জানা যায়, প্রায় চার বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাফিজুর রহমানের সঙ্গে জেলার বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে রুহেনার বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর প্রায় সময়ই স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন।সম্প্রতি নিহত রুহেনার বাবা বাদী হয়ে রুহেনার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করে আদালতে মামলা করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তাঁর স্বামী হাফিজুর রহমান। গত বুধবার সন্ধ্যায় হাফিজুর তাঁর স্ত্রী রুহেনাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় রুহেনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুহেনার মৃত্যু হওয়ার পরপরই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের ময়নাতদন্ত করছে।নিহত রুহেনার ভাই সালাম মিয়া জানান, তাঁর বোন রুহেনাকে স্বামী পিটিয়ে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে চলে গেছে। আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সফিকুল ইসলাম জানান, রুহেনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।