হবিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে জায়গা দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের সিনেমা হল বাজার এলাকায় গতকাল বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে নেতা-কর্মীরা ২৬ শতক জায়গা দখল করতে গেলে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের পিটিয়ে এলাকা ছাড়া করে। সংঘর্ষে ছয়জন নেতা-কর্মী আহত হন।এ ঘটনার জের ধরে পরে নেতা-কর্মীরা বাজারের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। ভাঙচুরে বাধা দেওয়ায় সদর থানার দুজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন। লাঞ্ছিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন থানার এসআই হারুনুর রশিদ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী ও সদস্য আজাদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সিনেমা হল বাজার এলাকার একটি মসজিদের ২৬ শতক জায়গা দখল করতে যান। এতে মসজিদ কমিটিসহ এলাকার লোকজন বাধা দেয়। জায়গাটি আজাদ চৌধুরী নিজের দাবি করলে উভয় পক্ষের মধ্যে বচসা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে ইয়াহিয়া চৌধুরী ও আজাদ চৌধুরী গুরুতর আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকেরা ইয়াহিয়া চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সিনেমা হল বাজার এলাকায় তাণ্ডব চালান। এ সময় বাজারের কোনো কোনো ব্যবসায়ী ভয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখেই পালিয়ে যান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেশ কিছু দোকানপাটের মালামাল রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাজারের খাজা ফার্নিচারে গিয়ে দেখা যায়, দোকানের শাটার ভেঙে কিছু আসবাব বের করে তাতে আগুন দেওয়া হচ্ছে। দোকানের মালিকের স্ত্রী জ্যোত্স্না বেগম চিত্কার করে বলেন, ‘আমরা কী করেছি। আমাদের ওপর এত আক্রমণ কেন?’ তিনি আগুন নেভাতে দোকানের ভেতর ঢোকার চেষ্টা করলে উত্তেজিত কর্মীরা তাঁকে রাস্তায় ফেলে দেন।এ ব্যাপারে হাসপাতালে আহত ইয়াহিয়া চৌধুরী ও আজাদ চৌধুরী জানান, আদালতের রায় পেয়ে জায়গাটি দখলে নিতে গেলে এলাকার কয়েকজন লোক এলাকাবাসীকে উত্তেজিত করিয়ে তাদের ওপর হামলা চালায়।মসজিদ কমিটির আবদুর রশিদ জানান, ইজারাদার ইকরাম হোসেন জায়গাটি নিজের অনুকূলে না রেখে সরকারি নিয়মে মসজিদকে দেন। বর্তমানে জায়গাটি মসজিদের দখলে।