হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজ এলাকায় অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিনা আচার্য (৪৫) ও সুনীল আচার্য নামের এক দম্পতি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই দম্পতি অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি মৌলভীবাজারের চানপুর এলাকায়।
বাহুবল থানা সূত্রে জানা গেছে, দুপুরে অটোরিকশায় চড়ে ওই দম্পতি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। অটোরিকশাটি বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সুনীল-রিনা দম্পতি প্রাণ হারান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করেছে; তবে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান।