হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জে মহাসড়কে নির্মাণকাজে ব্যবহৃত একটি রোলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মমিনুল ইসলাম (৩০) ও মোশারফ হোসেন (৩০)।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মমিনুল ইসলাম (৩০) নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজার থেকে কাজ শেষে একটি মোটরসাইকেলে করে হবিগঞ্জ সদরে ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মোশারফ হোসেন নামে অপর এক আরোহী। তাঁরা দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড় করে রাখা একটি রোলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত মমিনুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে। মোশারফের বাড়ি বাহুবল উপজেলা সদরে। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।