বেড়াতে যাওয়ার পথে হবিগঞ্জে নিহত ৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। আহত ব্যক্তিদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোড়াগান্দা গ্রামের আল আমিন ( ২৭), ঝালকাঠি জেলার গৌতম কুমার (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দুয়ারিছ বেগম (২৭) ও নড়াইল সদরের বায়েজিদ আলম (৩৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ৬টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয় মাইক্রোবাসটি। সকাল ৭ টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উলুকান্দি পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তাঁরা ফিউচার আর এফ লিমিটেড নামে একটি কোম্পানির শ্রমিক।
এ ঘটনায় আহত আটজন হলেন, সিজু মিয়া (২৮), মোমেন মিয়া (২৭), ফারুক হোসেন (৩০), তাকসিন হোসেন (২৮) চাঁদনি বেগম (২৮) ও মুছতাকিমুল (৪৫)। তারা সবাই হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হন।
আহত মুছতাকিমুল হক জানান, এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী দুয়ারিছ বেগম প্রাণ হারান। তাঁরা সবাই সিলেট যাচ্ছিলেন বেড়াতে। সেখানে যাওয়ার আগেই এ দুর্ঘটনার শিকার হন। তিনি আরও জানান, হতাহত সবাই একই প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে জানান, নিহত পাঁচজনের লাশ জেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালকসহ অন্যরা পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে বলে জানান ওসি।