হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন আনসার সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনসার ও ভিডিপির তিন সদস্য। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত তিন আনসার সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মসলন্দুপুর গ্রামের প্রিধন মিয়ার ছেলে বাবুল মিয়া (২২), বিজয়নগর উপজেলার পাঁচগাঁও গ্রামের মিশন আলীর ছেলে মো. শরীফ মিয়া (২৭) ও সদর উপজেলার জিয়াউল হক (২৮)। কুলাউড়ায় মারা যাওয়া ব্যবসায়ীর নাম আরিফ হোসেন (২৩)। তাঁর বাড়ি ওই উপজেলার সুলতানপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনসার ও ভিডিপির ৬০ সদস্যের একটি দলের প্রশিক্ষণে অংশ নিতে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার শৈলপুর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরে যাওয়ার কথা ছিল। তারা গতকাল সকাল আটটায় শৈলপুর থেকে বাসে রওনা হয়। বাসটি সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের তিন আরোহী বাবুল, শরীফ ও জিয়াউল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আহত হন প্রায় ৪০ জন।
আহত ব্যক্তিদের মধ্যে উজ্জ্বল মিয়া (২৭), মনির হোসেন (২৭), জসিম উদ্দিন (২৯), রাজীব (৩২), ছবির মোল্লা (৩২) ও আরাফাতকে (২৯) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রিয়াজ, মমতাজ, সোহাগ, জুবায়ের, মোস্তফা, মোস্তাক, হুমায়ুন কবীর, রিপন মিয়া, আরিফ, সজীবসহ ১০ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও ভিডিপির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পুলিশ ট্রাক ও বাস দুটি আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে গেছে।
আনসার ও ভিডিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার মাহবুবুর রহমান জানান, নিহত তিনজনের লাশ গতকাল মঙ্গলবারই তাঁরা পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আনসার ও ভিডিপির পক্ষ থেকে মামলা করা হবে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার রবিরবাজারের কাপড় ব্যবসায়ী আরিফ ও একই বাজারের পান ব্যবসায়ী বাবুল মোটরসাইকেলে কুলাউড়া উপজেলা সদর থেকে রবিরবাজারে ফিরছিলেন। ভোর পাঁচটার দিকে রাউৎগাঁও এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় আরিফ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় বাবুলকে (২৪) উদ্ধার করে মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। খবর পেয়ে সকাল ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কুলাউড়া থানার এসআই নূর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য আরিফের লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত বাবুলের অবস্থা আশঙ্কাজনক।