হবিগঞ্জে হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের গৌরব চৌধুরী হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অপর দুই আসামিকে তিন বছর এবং তিনজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।
একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ২৪ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন জিলুয়া (বৈঠাখালী) গ্রামের দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস। তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের গনেন দাশ ও গৌরাঙ্গ দাস এবং এক বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রামু দাশ, নিরদ মোহন দাস ও রামচান দাস।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর জিলুয়া (বৈঠাখালী) গ্রামের চালের বন্দের জলাশয়ে মাছ ধরা নিয়ে গৌরব চৌধুরীর সঙ্গে বিরোধ দেখা দেয় একই গ্রামের অভিযুক্ত আসামিদের। একপর্যায়ে আসামিদের মারধরে প্রাণ হারান গৌরব চৌধুরী। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ঘটনার পরদিন নিহত গৌরব চৌধুরীর ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
অভিযোগপত্র দাখিলের পর ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ওই চারজনকে ফাঁসির আদেশ দেন এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৪ জনকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার বাদী গৌরাঙ্গ চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা শাস্তি পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
আসামিপক্ষের আইনজীবী খালিকুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান।