হবিগঞ্জে হেমাঙ্গ বিশ্বাসের জন্ম শতবার্ষিকী পালিত
উপমহাদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে তাঁর জন্মস্থান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। গতকাল সোমবার হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে চুনারুঘাটের মিরাশি গ্রামের মাঠে স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হেমাঙ্গ বিশ্বাসের মেয়ে রঙ্গিনী বিশ্বাস। রঙ্গিনী বিশ্বাস বলেন, হেমাঙ্গ বিশ্বাস ভারতবর্ষসহ বিশ্বজুড়ে লোকসংগীতের আলোকসুর ছড়িয়ে দিয়েছেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি শুভেন্দু ইমাম, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন, সাংবাদিক সুমনকুমার দাশ। বক্তারা বলেন, হেমাঙ্গ বিশ্বাস সব ধরনের সামাজিক ভেদাভেদ, শ্রেণী-বৈষম্য, ঈর্ষা ও জাতপাত দূরে ঠেলে দিয়ে আলোকিত সমাজ গঠনে কাজ করেছেন। তিনি ছিলেন লোকসংগীতের দিশারি।