হবিগঞ্জে ১২৯০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে গত বুধবার ৯০ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পরাজিত বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার এ হামলা হয়। গতকাল বৃহস্পতিবার ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুস শহীদ গোলাপ স্থানীয় হাজারী কমিউনিটি সেন্টারে বুধবার বিকেলে এক প্রতিবাদ সভা করেন। সভায় শহর ও শহরতলির বিভিন্ন স্থান থেকে বিএনপির সমর্থকেরা জড়ো হয়। তারা মিছিল নিয়ে শহরে বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির মেয়র পদপ্রার্থীর সমর্থকদের বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গোলাপের সমর্থকেরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে পুলিশের ১১ সদস্য আহত হন। এ সময় ১৭ জনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুস শহীদ গোলাপসহ ৯০ জনের নামসহ অজ্ঞাত পরিচয় এক হাজার ২০০ জনের বিরুদ্ধে বুধবার রাতে দ্রুত বিচার আইনে পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা এবং নির্বাচনী বিধির ৭৪ ধারায় তিনটি মামলা করে। গতকাল ১৭ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এ মামলার পর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ গতকাল বিকেলে এ ঘটনায় পুলিশের আহত সদস্যদের দেখতে নবীগঞ্জে আসেন ও তাঁদের খোঁজখবর নেন।হবিগঞ্জ উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।