হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর আগমনকে উপলক্ষ করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ১৪৪ ধারার মধ্যে গতকাল মঙ্গলবার সমাবেশে করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে বিএনপি সমাবেশ করতে চাইলে বাধা দেয় স্থানীয় প্রশাসন। এর জের ধরে পরে দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।এলাকাবাসী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিয়ন বিএনপি গত সোমবার উপজেলার আমুরোড বাজারে আলোচনা সভার আয়োজন করে। একই ইস্যুতে একই স্থানে আওয়ামী লীগও সভা আহ্বান করে। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সভাস্থলসহ আহম্মদাবাদ ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারার মধ্যেই গতকাল আমুরোড উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে। তবে মন্ত্রী অনুষ্ঠানে যোগ দেননি। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় সরকারি দলের অনুষ্ঠান করার প্রতিবাদে অনুষ্ঠানস্থলের কাছে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপি। এতে নেতৃত্ব দেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সাংসদ সাম্মি আক্তার। এ সময় প্রশাসন বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচি থেকে বিরত থাকতে বলে। কিন্তু তারা কর্মসূচি চালিয়ে গেলে একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় দলের অন্তত ১০ জন আহত হন।বিএনপির নেত্রী সাম্মি আক্তার বলেন, ‘প্রশাসন আমাদের সভাস্থলে ১৪৪ ধারা জারি করে সভা করতে দেয়নি। অথচ সরকারি দল ঠিকই একই এলাকায় সমাবেশ করেছে।’চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবুর রহমান বলেন, ‘সমাজকল্যাণমন্ত্রীর আগমন উপলক্ষে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছিল।’ তাহলে বিএনপি মানববন্ধন করতে পারেনি কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের মানববন্ধন করতে বাধা দেয়।’