হবিগঞ্জে ৪০টি চা-বাগানে শ্রমিক ধর্মঘটের ডাক
হবিগঞ্জের ৪০টি চা-বাগানে কাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকেরা। চা শ্রমিক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ ধর্মঘটের ডাক দেন।একই দাবিতে আজ সোমবার চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে এই চা-বাগান এলাকায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। উপজেলার আহমদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুধামা বর্মার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লস্করপুর ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বিজলা কানু, উপদেষ্টা স্বপন গোয়ালা, কৃপময় তন্তবাই, চাকলাপুঞ্জি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি রামেশ্বর বাউড়ি, গিলানি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি সজল চৌহান, বাংলাদেশ চা শ্রমিক জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিশংকর কর্মকার ও সাধারণ সম্পাদক গোপেন তন্তবাই। সমাবেশে লস্করপুর ও বালিশিরা ভ্যালির ৪০টি চা-বাগানের শ্রমিকেরা উপস্থিত ছিলেন। ১ মার্চ আমু চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ১৭৫ বোতল মদ, ৮ কেজি গাঁজা ও ২৮ বোতল বিয়ার উদ্ধার করে। এ ঘটনায় ১১ মার্চ স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।