হবিগঞ্জে ৬১টি পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ৬১টি পরিবার গ্রামছাড়া। বাদীপক্ষের লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ পরিবারগুলোর। এ নিয়ে মামলাও হয়েছে।
জমির মাটি কাটা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি চারিনাও গ্রামের পঞ্চায়েত নেতা জহুর আলীর ছেলে জামিল মিয়া একই গ্রামের শাহজাহান মিয়াকে মারধর করেন। এর জের ধরে পরদিন উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত জহুর আলী (৭০) ৯ ফেব্রুয়ারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আবদুল আউয়াল সদর মডেল থানায় মামলা করেন। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর চৌধুরীসহ চারিনাও, ভাদুপাশা ও শেরপুর গ্রামের লোকজনসহ ৯৯ জনকে আসামি করা হয়।
আসামি পরিবারের লোকজনের অভিযোগ, মামলার পর বাদীপক্ষের লোকজন কয়েক দফায় তাঁদের বাড়িঘরে হামলা চালিয়েছে। আতঙ্কে ওই তিন গ্রামের ৬১টি পরিবার বাড়িছাড়া।
সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থলে গেছে। দুই পক্ষের মামলা-মোকদ্দমা থাকায় এসব ঘটনা ঘটছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, চারিনাও, ভাদুপাশা ও শেরপুর গ্রামের অনেক ঘরবাড়ি ভাঙাচোরা। কোথাও কোথাও বাড়িঘরের অস্তিত্বই নেই। শুধু ভিটেমাটি পড়ে আছে। দেখে মনে হয় বড় ধরনের তাণ্ডব চালানো হয়েছে। আজগর আলী নামের একজন জানান, আসামি পক্ষের ৬১টি পরিবারের লোকজন বাদীপক্ষের নির্যাতনে গ্রাম ছেড়েছেন। তাঁদের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
চারিনাও গ্রামের বজলু মিয়া, আকছির মিয়া, আকতার মিয়া, আহাদ মিয়া, যাদু মিয়া, আবু লাল, আনু মিয়া, সালাম মিয়াসহ ২৫-২৬ জনের বাড়িঘরের অস্তিত্ব নেই। ভাদুপাশার সৌয়া মিয়া নামের একজনের চার একর জায়গাজুড়ে গড়া বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বাড়ির গাছপালা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শেরপুরের হিরণ মিয়ার পরিবারের ভিটেমাটি ছাড়া কিছু দেখা যায়নি।
হিরণ মিয়া মুঠোফোনে জানান, এখন বোরা ধান কাটার মৌসুম। ৬১টি পরিবারের কেউ জমিতে যেতে পারছে না।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম বাবুল জানান, এ তিনটি গ্রামে যা ঘটছে তা সভ্যজগতে হতে পারে না। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আইনের মাধ্যমে অপরাধীদের বিচার হবে। কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। তিনি বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেছেন।
মামলার বাদী আবদুল আউয়াল জানান, গ্রামে যা ঘটেছে এর সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই। গ্রামের উত্তেজিত লোকজন কিছু করে থাকতে পারে।