হবিগঞ্জে ৯৬টি কেন্দ্র দখল?
হবিগঞ্জের তিনটি আসনে ভোটার উপস্থিতি কম থাকলেও আধা বেলা পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র দখল হতে থাকে। হবিগঞ্জ-৩ আসনে ২৫টি, হবিগঞ্জ-২ আসনে ৪১টি ও হবিগঞ্জ-৪ আসনে ৩০টি—এই মোট ৯৬টি কন্দ্র দখল করে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভোট দেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে ওই তিন আসনের তিন প্রার্থী ১৯৫টি আসন দখল হওয়ার অভিযোগ আনেন।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের জাতীয় পার্টির সমর্থক ও বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন, গতকাল রোববার বেলা তিনটার দিকে নৌকার সমর্থক একদল নেতা-কর্মী হবিগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করে নেন। একইভাবে শহরের বিকেজিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রিচি ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ ওঠে ১৪-দলীয় জোটের প্রার্থী ও বর্তমান সাংসদ আবু জাহিরের সমর্থকদের বিরুদ্ধে।
একই নির্বাচনী এলাকার লাখাই উপজেলার হাজি করিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এসিআরসি স্কুল, লাখাই ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়বাড়ি মাদ্রাসা কেন্দ্র থেকে বেলা একটার পরই এজেন্টদের বের করে দেন ১৪ দলের প্রার্থীর লোকজন।
শহরের বিকেজিসি সরকারি স্কুল কেন্দ্রের দায়িত্বে থাকা জাতীয় পার্টির এজেন্ট কবীর আহমেদ জানান, তাঁকে মারধর করে ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে বের করে দেন সরকারদলীয় প্রার্থীর লোকজন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বানিয়াচং উপজেলার ১০৫টি কেন্দ্রের মধ্যে সুরভি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তপাড়া বিদ্যালয়সহ ৪১টি কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বানিয়াচং উপজেলার হিয়ালা ভোটকেন্দ্রে অনিয়মের ছবি তুলতে গেলে স্থানীয় একটি সংবাদপত্রের সাংবাদিক সুরুজ আলীকে মারধর করেন ১৪ দলের প্রার্থী আবদুল মজিদ খানের লোকজন। সুরুজ আলী জানান, তাঁর ক্যামেরা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের চুনারুঘাট উপজেলার হাকাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাশি উচ্চবিদ্যালয়, ডেওয়াতলি প্রাথমিক বিদ্যালয়, মাধবপুর উপজেলার ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুল্লা প্রাথমিক বিদ্যালয়, বানেশ্বর উচ্চবিদ্যালয়, আউলিয়াবাদ উচ্চবিদ্যালয়, মাল্লা প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৩০টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভির আহমেদের এজেন্টদের বের করে দেন ১৪ দলের প্রার্থী মাহবুব আলীর লোকজন। তাঁরা ব্যালট নিয়ে ইচ্ছামতো ভোট দেন।
এদিকে গতকাল বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে হবিগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল ৪১টি কেন্দ্র দখল, হবিগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির আতিকুর রহমান ৮৪টি কেন্দ্র দখল ও হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা সৈয়দ তানভির আহমেদ ৭০টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ তোলেন।
এ ছাড়া ভোট বাক্স ছিনতাই ও নাশকতার কারণে হবিগঞ্জ-২ আসনের বানিয়াচং উপজেলা সদরের তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেয়া রেদুয়ানা দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
ভোট কারচুপির অভিযোগ: সিলেট প্রতিনিধি জানান, সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন। গতকাল বিকেলে নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মুহিবুর রহমান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহামঞ্চদ ফারুক আহমদ যৌথভাবে সংবাদ সমেঞ্চলনে ওই অভিযোগ করেন। তাঁরা বলেন, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা প্রশাসনের সহযোগিতায় বহু জাল ভোট দিয়েছেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার বড়লেখা উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিউল আলম বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে শতাধিক লোক ভোটকেন্দ্র ঘেরাও করে ফেলেন। একপর্যায়ে তাঁরা কেন্দ্রের ভেতরে ঢুকে পাঁচটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যান। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহির আহমদের মোটরসাইকেলে তাঁরা আগুন ধরিয়ে দেন। বাধা দিলে তাঁদের হামলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহির আহমদ ও পোলিং কর্মকর্তা খুশি বেগম আহত হন। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে র্যাব, পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে যায়।