হবিগঞ্জে ‘তরুণ লীগ নেতা’র বস্তাবন্দী লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা ‘তরুণ লীগ’-এর আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলামের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জ শহরের পুরান হাসপাতালের একটি স্থানীয় পত্রিকা অফিসের পাশের নর্দমা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রুহুল ইসলামের বাড়ি শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে পুরান হাসপাতাল এলাকায় একটি পত্রিকা অফিসের একজন পিয়ন অফিস-ভবনের লাগোয়া নর্দমার ওপর বস্তাবন্দী একটি বস্তু দেখেন। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানালে এলাকাবাসী হবিগঞ্জ মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রুহুলের স্বজনেরা মৃতদেহ শনাক্ত করেন।পুলিশ জানায়, সৈয়দ রুহুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে গত বুধবার হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তাঁদের ধারণা, পাভেলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর দেখা যায়, তাঁর মুখে কাপড় গোঁজা। এ ছাড়া লাশটি পচে ফুলে ওঠায় চেহারা বিকৃত হয়ে গেছে।