হবিগঞ্জে ‘তরুণ লীগ’ নেতার হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে ‘তরুণ লীগ’ নেতা সৈয়দ রুহুল ইসলাম হত্যার ঘটনায় প্রধান আসামি পাভেল আহমেদ ও তাঁর সহযোগী শাহীন মিয়াকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।পুলিশ জানায়, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজ্ঞান চাকমার নেতৃত্বে পুলিশের দুটি দল শনিবার রাতে হবিগঞ্জ থেকে চট্টগ্রামে যায়। চট্টগ্রাম মহানগরের খুলশী থানা পুলিশের সহযোগিতায় তারা ভোররাত চারটার দিকে লালখান বাজারের একটি বাসা থেকে পাভেল ও শাহীনকে গ্রেপ্তার করে।দুজনকে গ্রেপ্তারের পর গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক ও অর্থের লেনদেন নিয়েই এ খুনের ঘটনা ঘটেছে। এ খুনের ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে পুলিশের পাঁচটি বিশেষ দল গঠন করা হয়।সম্মেলনে জানানো হয়, রুহুল ইসলাম হত্যা মামলার সাক্ষী দৈনিক লোকালয় বার্তা অফিসের পিয়ন জাহেদুল ইসলাম গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, পরিদর্শক (তদন্ত) জীবন কৃষ্ণ দে ও পুলিশের বিশেষ শাখার (ডিবি) ওসি শেখ কবীরুল ইসলাম।প্রসঙ্গত, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার অধিবাসী ও সদর উপজেলা তরুণ লীগের আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। দুদিন পর বৃহস্পতিবার বিকেলে শহরের পুরোনো হাসপাতালের একটি স্থানীয় পত্রিকার অফিসের পাশের নর্দমা থেকে পুলিশ তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে।