হবিগঞ্জে 'রঙের দুনিয়া'র বিশেষ প্রদর্শনী
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনকাহিনি নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রঙের দুনিয়ার বিশেষ প্রদর্শনী হয়েছে গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ আর ডি হলে।
চলচ্চিত্রটি প্রদর্শনীর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি ছিলেন ছবিটির যৌথ প্রযোজক গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরী।
১ ঘণ্টা ৪২ মিনিটের চলচ্চিত্রে শাহ আবদুল করিমের শৈশব, যৌবন ও পরিণত বয়সের বিভিন্ন পর্যায়ের সাধনা ও সংগ্রামের চিত্রগুলো উঠে আসে। হবিগঞ্জের সাহিত্যিক ও লেখক সিদ্দিকী হারুনের কাহিনি ও চিত্রনাট্য এবং তরুণ নির্মাতা মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মোক্তাদির ইবনে ছালাম বলেন, তাঁর জীবনে বড় রকমের সাফল্য এ রঙের দুনিয়া। হবিগঞ্জের সন্তান হিসেবে নিজ এলাকায় এ প্রদর্শনীর মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রজগতে তাঁর যাত্রা শুরু করলেন।
রঙের দুনিয়া চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, আগুন, স্বাধীন খসরু, আবদুল আজীজ, শিরিন বকুল, শানারাই দেবী শানু, আশিকসহ হবিগঞ্জের একদল নাট্যকর্মী।