হবিগঞ্জের আদালতে তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো হবিগঞ্জের পাঁচ স্থানে বোমা হামলার ঘটনায় মামলায় গতকাল বুধবার তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক প্রধান সাইদুর রহমানসহ আট আসামি। হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ-১ ও দায়িত্বপ্রাপ্ত বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর বিচারক ফারুক আহমেদের আদালতে গতকাল এ সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যদানকারী তিনজন হলেন রওশন আলী, আরব আলী ও আবদুল মান্নান। আদালতে এ সময় সাইদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ছেলে জেএমবির আইটি বিভাগের প্রধান এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী, হাফেজ হুজাইফা, মো. বেলাল হোসেন, সালাহউদ্দিন, শফিকুল ইসলাম ও ছালাহ উদ্দিন ওরফে ছালেহিন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।আদালতে মামলার শুনানি চলাকালে আসামিদের জামিন আবেদন করেন তাঁদের আইনজীবীরা। তবে আদালত তা নামঞ্জুর করেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১৫ নভেম্বর।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল আহাদ ফারুক এবং আসামিপক্ষের আইনজীবী মো. সফিকুর রহমান চৌধুরী মামলা পরিচালনা করেন।২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়, সদর থানার সামনে, ঈদগা প্রাঙ্গণ, হবিগঞ্জ পৌর মার্কেট ও হবিগঞ্জ বার লাইব্রেরিতে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করে। তদন্ত শেষে জেএমবির তৎকালীন প্রধান হবিগঞ্জের বাহুবল উপজেলার খোঁজারগাঁও গ্রামের মাওলানা সাইদুর রহমান ও তাঁর ছেলে এ এইচ এম শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।