হবিগঞ্জের আবদুর রাজ্জাক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের আবদুর রাজ্জাককে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের বানিয়াচং থানার পুলিশ তাঁকে মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরির পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে।
আবদুর রাজ্জাকের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ের খাগাউড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। গত রোববার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজারের আতানগিরি পাহাড়ে গতকাল সকালে অভিযান চালায়। সেখান থেকে আবদুর রাজ্জাককে (৬৩) গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় ১০ ফেব্রুয়ারি পুলিশ আবদুর রাজ্জাকের চাচাতো ভাই খাগাউড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান ও বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁরা দুজন কারাগারে আছেন।
বানিয়াচং থানার ওসি জানান, গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাককে আজ বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত রোববার মহিবুর ও মজিবুরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ২৫ মে দিন ধার্য রয়েছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, গ্রেপ্তার হওয়া এই তিনজন মুক্তিযুদ্ধকালে এলাকায় রাজাকার বাহিনী গড়ে তোলেন। তাঁদের মধ্যে মহিবুর ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান এবং মজিবুর ছিলেন রাজাকার কমান্ডার। সহযোগী ছিলেন তাঁদের চাচাতো ভাই রাজ্জাক।