হবিগঞ্জের এসিডদগ্ধ স্কুলছাত্রীকে ভাইসহ ঢাকায় পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট (ডিসিপি) হাইস্কুলের এসিড আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রী সুলতানা বেগম (১২) ও তার চাচাতো ভাই শিশু জাহেদকে (২) উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার ঢাকায় এসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় তাদের চিকিৎসা চলবে।এদিকে এসিডদগ্ধ সুলতানার বাবা ফুল মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে চারজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি।এসিড আক্রান্ত সুলতানার বাবা ফুল মিয়া জানান, তাঁর কন্যা সুলতানা স্কুলে আসা-যাওয়ার পথে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর প্রায় সময়ই তাকে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তানভীর দুই সহযোগী একই গ্রামের দিলবর মিয়ার ছেলে শাহবাজ এবং তৈয়ব আলীর ছেলে শাহিনকে নিয়ে সুলতানাদের বাড়িতে যায়। এ সময় সুলতানাসহ অন্যরা বাড়ির উঠানে বসে গল্পগুজব করছিল। এ সময় দুর্বৃত্তরা সুলতানাকে লক্ষ্য করে এক বোতল এসিড নিক্ষেপ করে। এতে সুলতানা, তার চাচাতো ভাই জাহেদ এবং তার মা বিউটি আক্তার আক্রান্ত হন। তাদের মধ্যে শিশু জাহেদ আক্রান্ত হয়েছেন বেশি।