হবিগঞ্জের খোয়াই নদ দখলবাজদের কবলে
হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদ অবৈধ দখলদারদের কবলে পড়েছে। এলাকার বাসিন্দারা যাঁর যাঁর মতো করে এ দখল নেওয়ায় পাঁচ কিলোমিটার দীর্ঘ নদের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে।এ নিয়ে বিভিন্ন সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হলেও কোনো লাভ হচ্ছে না। এ নদ দখলের কারণে শহরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশবাদীরা। জেলা প্রশাসন ও এলাকাবাসীর অনেকে জানান, বর্ষায় একটু বৃষ্টি হলেই একসময় খোয়াই নদের বাঁধ উপচে শহর ডুবে যেত। এ বির্পযয় থেকে রক্ষার জন্য ১৯৭৮ সালে সরকার নদের শহর অংশের গতি পরিবর্তন করে দেড় কিলোমিটার পশ্চিমে নিয়ে যায়। এতে শহর রক্ষা পায় ও শহরের ভেতরে এ পুরাতন খোয়াই নদের সৃষ্টি হয়। ভূমি আইন অনুযায়ী এ নদটি সরকারের খাস ও ১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু ১০-১৫ বছরে এ নদের দুই পারে অসংখ্য আবাসিক এলাকা গড়ে উঠেছে। গত তিন-চার বছরে এ অবৈধ দখল-প্রক্রিয়া রেকর্ড ছাড়িয়ে গেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুরাতন এ নদ দুভাবে বিভক্ত। একটি অংশ শহরের মাছুলিয়া সেতুর কাছ থেকে শুরু হয়ে শায়েস্তানগর, মাহমুদাবাদ, স্টাফ কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সেফী ও শ্যামলী হয়ে হরিপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার। অপর অংশ চৌধুরী বাজার চৌমুহনা (খুইসসার হাটা) থেকে শুরু হয়ে গরুর বাজার পর্যন্ত আরও দুই কিলোমিটার। এ পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে একমাত্র সরকারি স্টাফ কোয়ার্টার অংশ ছাড়া, সবই এখন দখলবাজদের দখলে। শহরের মাহমুদাবাদে গিয়ে দেখা যায়, ওই এলাকার শেলী আক্তার নদের প্রায় ১০ শতক জায়গাজুড়ে আড় বেঁধে মাটি ফেলছেন। একই এলাকার উমেঞ্চদ আলী ২০ শতক, জিয়া ১০ শতক, আবদুল কুদ্দুস ১২ শতক, নিপুল মিয়া ১২ শতকসহ আরও অনেকে নদটি দখল করে আছেন। তাঁদের সঙ্গে কথা বললে তাঁরা দাবি করেন, সরকার থেকে ইজারা নিয়েছেন। তবে জেলা প্রশাসন জানায়, কাউকে এ নদ ইজারা দেওয়া হয়নি। শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘এ নদ উদ্ধারে আমরা অনেক আন্দোলন করেছি। কিন্তু দখলবাজরা সব সময় রাজনৈতিক আশ্রয় নেন। এ কারণে প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করে না।’একই এলাকার সুজা চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা যদি পুরাতন এ খোয়াই নদকে দখলমুক্ত করতে চান, তাহলে এক সপ্তাহেই কার্যকর ও বাস্তবায়ন সম্ভব।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য জানান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রশাসন প্রায় ছয় শতাধিক দখলদারের তালিকা করে। কিছু ভূমি উদ্ধারও হয়। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় স্থানীয় সাংসদ আবু জাহির ওই তালিকা সম্পর্কে জানতে চান। এ সময় জেলা প্রশাসক (অন্যত্র বদলি) সাংসদকে জানান, ২৫০ জন দখলদার রয়েছেন। এ পরিসংখ্যান নিয়ে সমালোচনা হয়। কারণ, দিন দিন দখলবাজের সংখ্যা বাড়ছে, প্রশাসনের তালিকায় তা কমছে। হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদ সদস্য তোফাজ্জল সোহেল বলেন, ‘সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, জেলা বা উপজেলা পর্যায়ের সব নদ, জলাশয় ও খালবিল উদ্ধারে। কিন্তু আমরা শহরবাসী এর কার্যকারতা দেখছি না।’সদর পৌরসভার মেয়র জিকে গউছ বলেন, ‘প্রত্যেক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নদ দখলমুক্ত করার জন্য বলি। আমাদের দায়িত্ব প্রশাসনকে জানানো। তারা সভার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেয় না।’ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, নদীনালা, জলাশয় সরকারি সম্পদ। তিনি তদন্ত করে দখলবাজদের উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।