হবিগঞ্জের চা-শ্রমিকদের রেশন বন্ধ দুই বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চা-শ্রমিকদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য সহায়তা কর্মসূচি (রেশন) দুই বছর ধরে বন্ধ আছে। এ নিয়ে চা-শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।শ্রমিকদের অভিযোগ, সিলেটের অপর দুটি জেলায় চা-শ্রমিকেরা ঠিকই রেশন পান। অথচ হবিগঞ্জে মাত্র তিন মাস ওই রেশন দেওয়া হয়। হবিগঞ্জ সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা-শ্রমিকদের জীবন-মান উন্নয়নে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় জেলার ২৪টি চা-বাগানের ১৩ হাজার ৮০০ পরিবারকে তালিকাভুক্ত করা হয়। প্রতিবছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে চা-বাগান কারখানাতে অনেকটা উৎপাদন বন্ধ থাকে। এ সময় শ্রমিকেরা হয়ে পড়েন বেকার। এ কারণে সরকার ২০১০ সালে এ কর্মসূচি হাতে নেয়। প্রথম কিস্তি দেওয়া হয় ২০১০ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে। তালিকাভুক্ত প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল চাল ১০ কেজি, দুই কেজি ডাল, ১০ কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল, তিনটি সাবান, চিনি এক কেজি, এক কেজি লবণসহ মোট ৩৮ কেজি খাদ্যসামগ্রী।হবিগঞ্জের সাতছড়ি চা-বাগানের শ্রমিক লক্ষ্মণ বাউরি প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে মাত্র তিন মাস রেশন পাই। তা-ও ওজনে কম দেওয়া হয়।’সমাজসেবা অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক পীযূষ কান্তি দত্ত জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। চলতি মাসের শেষের দিকে হয়তো আবারও এই কর্মসূচি চালু হবে। তবে নতুন তালিকা অনুযায়ী রেশন দেওয়া হবে। আগের তালিকার চা-শ্রমিকেরা এই সুবিধা পাবেন না।