হবিগঞ্জের চার উপজেলায় উপস্থিতি কম
হবিগঞ্জের সদর, লাখাই, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ—এই চার উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলাকালে গতকাল রোববার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উৎকণ্ঠার কারণে ভোটারদের উপস্থিতি ছিল কম। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল আরও কম।
সদর উপজেলার পৌর এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কেন্দ্রে মোট ভোটারসংখ্যা চার হাজার ২৫৯। গতকাল বেলা তিনটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়ে এক হাজার ৭৭১টি।
লাখাই উপজেলার ফর্দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারসংখ্যা দুই হাজার ৭৭১। এর মধ্যে ভোট পড়ে এক হাজার ৯২৮টি। আজমিরীগঞ্জ উপজেলা সদরের মিয়াধন মিয়া মাধ্যমিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারসংখ্যা এক হাজার ৪৬০। বেলা দুইটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়ে ৭২৩টি। আরও কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে বেলা দুইটা পর্যন্ত ভোটারসংখ্যার অর্ধেকেরও কম ভোট পড়েছে। নবীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেলা দুইটা ও তিনটার দিকে ভোটারসংখ্যার অর্ধেকেরও কম ভোট পড়েছে।
নবীগঞ্জ শহরের ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, নির্বাচনে ‘না’ ভোটের সুযোগ না থাকলেও অনুপস্থিত থাকার মাধ্যমে ভোটাররা মূলত ‘না’ ভোটই দিয়েছেন।