মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের দুই ভাই মহিবুর রহমান ও মুজিবুর রহমান এবং তাঁদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বিচার শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ গঠন করা হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। ২১ অক্টোবর এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গতকাল আসামির কাঠগড়ায় তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. মাসুদ রানা।
গত ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান ওরফে বড় মিয়া (৭০) ও তাঁর ছোট ভাই খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়াকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তদন্তে মহিবুর ও মুজিবুরের সঙ্গে তাঁদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ মেলে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ১৯ মে মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৩১ মে ওই তিনজনকে আসামি করে রাষ্ট্রপক্ষের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের শুনানি শেষে গতকাল তাঁদের বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করে বিচার শুরু করলেন ট্রাইব্যুনাল।
চার অভিযোগ: প্রথম অভিযোগ, একাত্তরের ১১ নভেম্বর আসামিরা সশস্ত্র রাজাকারদের সঙ্গে বানিয়াচংয়ের দুজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। দ্বিতীয় অভিযোগ, একাত্তরের ২৬ অক্টোবর আসামিরা, রাজাকার ও পাকিস্তানি সেনারা খাগাউড়া গ্রামে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। তৃতীয় অভিযোগ, একাত্তরের ২৬ অক্টোবর আসামিরা ও দুই পাকিস্তানি সেনা খাগাউড়া গ্রামের দুই নারীকে ধর্ষণ করে। চতুর্থ অভিযোগ, মুক্তিযুদ্ধকালে ভাদ্র মাসে আসামিরা খাগাউড়া গ্রামের এক ব্যক্তিকে অপহরণ করে এবং আটকে রেখে অমানুষিক নির্যাতন করে।
অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ। তিনজনই নিজেকে নির্দোষ দাবি করলে ট্রাইব্যুনাল ২১ অক্টোবর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেন।