হবিগঞ্জের তিন ভাইয়ের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের দুই ভাই মহিবুর রহমান (৬৫) ও মজিবুর রহমান (৬০) এবং তাঁদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের (৬৩) বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো দিন রায় ঘোষণা করবেন।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল বুধবার এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। এরপর রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
গতকাল চূড়ান্ত দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ, রেজিয়া সুলতানা ও তাপস কান্তি বল। শুনানিতে তাঁরা আসামিদের সর্বোচ্চ সাজার আরজি জানান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া, পারভেজ হোসেন, মাসুদ রানা ও উজ্জ্বল হোসেন। তাঁরা শুনানিতে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। এ জন্য তাঁরা আসামিদের খালাসের আরজি জানান।
গত বছরের ২৯ সেপ্টেম্বর এই তিন আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২১ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১২ জন। আসামিপক্ষে সাক্ষ্য দেন সাতজন। সাক্ষ্য গ্রহণ শেষে গত মঙ্গলবার ও গতকাল দুই পক্ষ যুক্তি উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষ বলেছে, আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও তাঁর ভাই মজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত বছরের ১০ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আর রাজ্জাক গ্রেপ্তার হন গত বছরের ১৯ মে। তাঁদের তিনজনকে গতকাল ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
চার অভিযোগ: মহিবুর, মজিবুর ও রাজ্জাকের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে তাঁরা মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে লাশ গুম করেন। দ্বিতীয় অভিযোগ, আসামিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায়। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, খাগাউড়া এলাকার উত্তরপাড়ায় আসামিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা দুই নারীকে ধর্ষণ করে। চতুর্থ অভিযোগ, আনছার আলী নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালান আসামিরা। ওই নির্যাতনে পঙ্গু হন আনছার।