হবিগঞ্জের নিখোঁজ শিশু উদ্ধার
হবিগঞ্জের নিখোঁজ শিশু শাহনুরকে (১১) উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার হবিগঞ্জ থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে তিনজনের খোঁজ পাওয়া যায় গতকাল শনিবার রাতে। অপরজনকে আজ সকালে পাওয়া গেল।
চার শিশু হলো-সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে শাহনুর (১১), নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে নয়ন (১২), বাহুবল উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের আহমেদ রশিদ মিয়ার ছেলে তানভির রশিদ (১৩) ও আব্দানারায়ণপুর গ্রামের আবদুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২)।
চার শিশুর সবাই সদর উপজেলার বাছিরগঞ্জ পূর্ব নোওয়াগাঁও হাজি সুরুজ আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
শায়েস্তাগঞ্জ থানার ওসির বরাত দিয়ে গতকাল মধ্যরাতে বার্তা সংস্থা ইউএনবি জানায়, নয়ন, রশিদ ও ইমতিয়াজের খোঁজ পাওয়া গেছে। তারা নবীগঞ্জের সুজাপুর গ্রামে নয়নদের বাড়িতে আছে। তবে তখন পর্যন্ত শাহনুরের খোঁজ পাওয়া যাচ্ছিল না।